রোজার শুরুতেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

শুরু হয়েছে মুসলমানদের পবিত্রতম মাস রমজান। বিগত বছরগুলোতে তীব্র গরম থাকলেও এবার রোজার শুরুতেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাসে বলা হয় শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

রবিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতে সামান্য কমতে পারে। 

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। 

বর্ধিত ৫ দিনের আবহাওয়া সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

এছাড়া বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) মতে, চলতি বছর মার্চ মাসে দেশের গড় তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে ও বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হতে কিছুটা কম হতে পারে। এ মাসে বঙ্গপোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে তা বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদমাধ্যমকে বলেন, চলতি মাসের ৬ তারিখের পর হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এতে কমতে পারে তাপমাত্রা। তবে পরবর্তীতে গরমের অনুভূতি একটু বাড়তে পারে।