এ মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। যার একটি আর্জেন্টিনার বিপক্ষে। দুই ম্যাচের জন্য ৫২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। দলে আছেন নেইমার জুনিয়র। সব কিছু ঠিক থাকলে আবারও বন্ধু মেসির সঙ্গে দেখা হতে যাচ্ছে নেইমারের।
নেইমার জাতীয় দলে ফিরলেন প্রায় দেড় বছর পর। ২০২৩ সালের ১৮ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে চোটে পড়েন নেইমার। দীর্ঘ পুনর্বাসনের পর আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দেন নেইমার। সেখানে ভালোই খেলছেন তিনি। এখন পর্যন্ত সান্তোসের হয়ে ৬ ম্যাচে করেছেন ২ গোল, অ্যাসিস্ট ৩টি। নেইমার ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে করেছেন ৭৯ গোল।
দরিভাল ঘোষিত ৫২ জনের দলে আছেন মোট ৬ জন গোলকিপার, আট ডিফেন্ডার, আট ফুলব্যাক, ১৪ মিডফিল্ডার এবং ১৬ জন ফরোয়ার্ড। ৩৩ বছরের নেইমার সৌদি ছেড়ে এখন খেলছেন ব্রাজিলের ক্লাবে। তবে সৌদির লিগে খেলা দুজন আছেন ব্রাজিলের ৫২ জনের দলে। তারা হলেন আল নাসরের গোলকিপার বেন্টো ও আল আহলির ফরোয়ার্ড গালেন। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল কলম্বিয়ার বিপক্ষে খেলবে ২০ মার্চ, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২৫ মার্চ। ৫২ জনের দল থেকে আবার চূড়ান্ত দল ঘোষণা করা হবে।