অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটি খেলতে নেমেছিলেন জস বাটলার। চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের ব্যর্থতায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তার শেষ ম্যাচে ইংল্যান্ডের জ্বলে ওঠার বদলে ঘটল বিপরীত ঘটনা। নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে একেবারে খালি হাতেই এবারের চ্যাম্পিয়নস ট্রফি থেকে ফিরতে হচ্ছে ইংল্যান্ডের।
করাচিতে ৩৮.২ ওভারে ১৭৯ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৭ রান করেন জো রুট। বিদায়ী ম্যাচে ৪৩ বলে ২১ রান করেন বাটলার। ১৮০ রান তাড়ায় টানা ফিফটি পান রাসি ফন ডার ডুসেন। অপরাজিত থাকেন ৮৭ বলে ৭২ রানে। আসরে প্রথম ম্যাচ খেলতে নেমে ১১ চারে ৫৬ বলে ৬৪ রানের ইনিংস খেলেন হেইনরিখ ক্লাসেন।