আফিদাদের আজ কিছু নিয়ে ফেরার ম্যাচ

র‌্যাংকিংয়ে ১৬ ধাপ এগিয়ে থাকা সংযুক্ত আরব আমিরাতের কাছে ২৬ মার্চ ৩-১ গোলে হারা বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে আজ ইতিবাচক কিছু নিয়ে ফেরার সুযোগ। দুবাইয়ের আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় দুদল ফের মুখোমুখি হবে। তবে এই ম্যাচটা ফিফার স্বীকৃতি পাচ্ছে না নির্ধারিত ম্যাচ উইন্ডোর বাইরে হওয়ায়। ব্রিটিশ কোচ পিটার বাটলারের গড়া নতুন বাংলাদেশ দল এই ম্যাচে নিশ্চিত চাইবে হার এড়াতে।

শনিবার সৌদি আরবে শুরু হয়েছে রমজান মাস। তাই একটু বেশি রাতেই দলকে সারতে হয়েছে এই ম্যাচের শেষ প্রস্তুতি। আজ রাতে দল হোটেল থেকে একেবারে বিমানে ওঠার প্রস্তুতি নিয়েই মাঠে যাবে। ম্যাচটা খেলেই দলকে চলে যেতে হবে বিমানবন্দরে ফেরার বিমান ধরতে। এর আগে তারা চাইবে আগের ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পারফরম্যান্সে উন্নতি করতে।

১৮ সিনিয়র ফুটবলার বাটলারের অধীনে না খেলার সিদ্ধান্ত নেওয়ায় বাংলাদেশ একেবারেই বলতে গেলে অভিজ্ঞতাশূন্য। তারপরও আমিরাতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্স একেবারে খারাপ ছিল না দাবি কোচ বাটলারের। অন্যদিকে প্রথম ম্যাচ খেলার ফলে প্রতিপক্ষ সম্পর্কে একটা ধারণা মিলে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে জোর লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক আফিদা খন্দকার।