নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা : ধর্ম উপদেষ্টা

পবিত্র মাহে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি নিলে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, চিনি, চাল, সয়াবিন, পেঁয়াজ, খেজুর, মসুর, খেসারিসহ অন্যান্য পণ্যের দাম রমজান মাসে কমিয়ে আনতে চেষ্টা করছে সরকার। কেউ যদি তিন টাকার জিনিস ত্রিশ টাকায় বিক্রি করতে চায়, তাহলে তাকে আইনের আওয়াতায় আনা হবে।

গত শুক্রবার রাতে ময়মনসিংহের ভালুকার ধীতপুর এলাকায় রাজশাহীপাড়া জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও বায়তুন নূর জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাজার মনিটরিংয়ের জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি ও ভোক্তা অধিকারের লোকজন মাঠে থাকবে।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা জানেন একজন উপদেষ্টা ইসতেফা দিয়ে দলে যোগ দিয়েছেন, আর আরও কেউ যদি ইচ্ছে করে যে আমরা পলিটিক্স করব তাহলে পদত্যাগ করে যেকোনো দলে যোগ দিতে পারেন। সরকার আলাদা কারও পক্ষে নয়, আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে চোখে তাদের দেখছি এবং সবার সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ আমরা তৈরি করছি।

তিনি আরও বলেন, পুরুষের তুলনায় মেয়েরা পড়াশোনায় এগিয়ে আছে, ডিসি, এসপি মহিলা। ভালুকার এসিল্যান্ড মহিলা, এএসপি মহিলা। পুরুষরা নেশা করার কারণে পড়াশোনা না করে পিছিয়ে আছে বলেও মন্তব্য করেন তিনি।

তাফসিরুল মাহফিলে মুফতি আইয়ুব সাদেকীর সভাপতিত্বে উপস্থিত মাহফিলে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, বাংলাদেশ হেফাজত ভালুকা উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা আবু রাহাত কামাল ও সদস্য সচিব মাওলানা শরিফুল ইসলাম, ভালুকা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাসেল, মাহফিলের সহসভাপতি আলাল ফকির, মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মহসিন, সাংবাদিক শেখ আজমল হুদা প্রমুখ।