প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর থেকে সরকারি বাস নিয়ে ঢাকায় এসেছেন সমর্থকরা, এমন অভিযোগ উঠেছে অনলাইনে। এ বিষয়ে সরকারের বিরুদ্ধেও কথা এসেছে। তবে আমরা বলতে চাই, এর সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। মূলত ওই ৫টি বাসের রিকুইজিশনের অনুরোধ জানিয়ে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি জেলা প্রশাসককে চিঠি দিয়েছে। এর সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিরা এবং নিহত দুটি পরিবারের সদস্যরা জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছিলেন। সেই অনুরোধ এবং এক ধরনের প্রেসারের (চাপের) কারণে ৫টি বাস রিকুইজিশনে সহায়তা করেন জেলা প্রশাসক।
গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এ সময় সেখানে উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
প্রেস সচিব বলেন, ‘জেলা প্রশাসন সহায়তা দিলেও তেলসহ অন্য কোনো খরচ বা ভাড়া সরকারিভাবে দেওয়া হয়নি। এ ধরনের ঘটনা আর কোথাও ঘটেছে সেটাও আমরা তদন্ত করে দেখছি।’
সব দলই সরকারের কাছে সমান উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে বদ্ধপরিকর। সেহেতু কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার প্রশ্ন আসে না। সব দলই সরকারের কাছে সমান। যাতে সবাই সমানভাবে রাজনৈতিক কর্মকা- পরিচালনা করতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পাবনার গণডাকাতির ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করেছে অনেক গণমাধ্যম। পাঁচটি পরিবহনে ডাকাতি হয়েছে। ১০ মিনিটের মধ্যেই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে যায়।
এ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অনেকগুলো চেকপোস্ট বসানো হয়েছে। সারা দেশে জোরদার করা হয়েছে পুলিশি টহল। কাজের সুবিধার্থে পুলিশকে আরও মোটরসাইকেল দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টাসহ অন্যরা দেশের বিভিন্ন স্থানে ভিজিট করছেন। আশা করছি রমজান মাস জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।’
বিএনপির নির্বাচনের তারিখ ঘোষণার দাবির বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে শফিকুল বলেন, ‘বিএনপি হয়তো নির্দিষ্ট ডেট চাচ্ছে নির্বাচনের। সরকার নির্বাচনের রোডম্যাপ আগেই দিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি কম সংস্কার চায়, তাহলে এ বছরের ডিসেম্বর, আর বেশি সংস্কার চাইলে আগামী বছর জুনের মধ্যেই নির্বাচন হবে।
এ সময় রাষ্ট্র সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর শিগগির বৈঠক শুরু হবে বলেও আশাবাদ তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য গত রোজার চেয়ে এই রোজায় সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রমজান জুড়ে দ্রব্যমূল্য কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেদিকে সরকারের সজাগ দৃষ্টি থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যও নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
শফিকুল আলম বলেন, ‘রোজার সময় ভোজ্য তেল, ছোলা ও খেজুরসহ কিছু কিছু পণ্যের চাহিদা বেড়ে যায়। এসব পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্যের মূল্য কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, কেন্দ্রীয় ব্যাংক ও প্ল্যানিং কমিশন কাজ করছে। তাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে এসেছে। বিশেষ করে ভোজ্য তেলের ক্ষেত্রে কীভাবে সরবরাহ বাড়ানো যায়, সে প্রচেষ্টা চলছে। আমরা প্রতিদিন মনিটরিং করছি, সামনে সরবরাহ পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা করছি।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছিলেন অক্টোবর মাসেই। তার নির্দেশনা অনুসারে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কীভাবে সহনীয় পর্যায়ে রাখা যায় সে ব্যাপারে উপদেষ্টাম-লী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে যারা কাজ করেন তারা নানা পদক্ষেপ নেন। এ কারণে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বাজারে খোলা ও প্যাকেটজাত সয়াবিনের ঘাটতির কথা স্বীকার করে প্রেস সচিব বলেন, তবে নিয়মিত মনিটরিংয়ে খোলা তেলের ঘাটতি কমে এসেছে। নিয়মিত মনিটরিংয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে।
টিআইবির উদ্বেগ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকার বাইরে একটি জেলা থেকে সরকারি নির্দেশে বাস অধিযাচনের (রিকুইজিশন) ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি মনে করে, এ ধরনের ঘটনা ক্ষমতার অপব্যবহার। এটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের চেতনার পরিপন্থী। এতে সরকারের পাশাপাশি এনসিপিরও দায় রয়েছে। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের অভীষ্ট অর্জনের আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হাত ধরে গঠিত এনসিপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক মাইলফলক হয়ে উঠতে পারে। বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের ওপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু এই প্রত্যাশা পূরণে দলটিকে ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকতে হবে এবং বাস অধিযাচনের এই নজিরকে রেড অ্যালার্ট হিসেবে বিবেচনা করতে হবে।’
ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, এনসিপির মতো নতুন রাজনৈতিক দল যদি জিরো-সাম রাজনীতি ও ক্ষমতার অপব্যবহারের সংস্কৃতি থেকে মুক্ত থাকতে না পারে, তবে তা জনগণের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে এবং গণতান্ত্রিক চেতনার বিকাশে বাধা হয়ে দাঁড়াবে। দেশের রাজনীতিতে দীর্ঘদিনের লালিত কর্র্তৃত্ববাদী আচরণের পরিবর্তনে নতুন দলগুলো মূল অনুঘটকের ভূমিকা রাখবে বলে জনগণ আশা করে।
টিআইবি মনে করে, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো, নিরপেক্ষ থাকা এবং কোনো রাজনৈতিক শক্তিকে কোনো ধরনের সুবিধা না দেওয়া। পাশাপাশি এনসিপিসহ নতুন রাজনৈতিক দলগুলোর উচিত, অতীতের ক্ষমতার অপব্যবহার ও কর্র্তৃত্ববাদী চর্চা থেকে দূরে থাকা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।