ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বোচ্চ গতিসীমা ৬০ থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর করা হয়। গতকাল শনিবার দেশ রূপান্তরের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার। তিনি বলেন, ‘এই প্রকল্পে আগে থেকেই এই ৮০ কিলিমিটার উল্লেখ করা ছিল। তবে প্রাথমিকভাবে প্রথমে ৬০ কিলোমিটার করা হয়েছিল। এখন থেকে ৮০ কিলোমিটারেই চলবে।’
এদিকে গতকাল এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বৈদ্যুতিক সাইনবোর্ডে যানবাহন চলাচলের নতুন গতিসীমায় ৮০ কিলোমিটার লেখা সংকেত দেখা গেছে। এ ছাড়া সড়ক বরাবর সামনে বৈদ্যুতিক বোর্ডে ৮০ কিলোমিটার গতিসীমা মেনে চলতেও নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে এখনো সড়কের পাশে ম্যানুয়াল সংকেতে ৬০ কিলোমিটার লেখা দেখানো হচ্ছে। সেটি সরানো হয়নি।
এর আগে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেপরোয়াভাবে চালানো গাড়িগুলোকে বাগে আনতে নীতিমালা তৈরি করে কর্র্তৃপক্ষ। সে অনুযায়ী সর্বোচ্চ গতিসীমা ৮০ কিলোমিটার বাস্তবায়ন করা হয়।