চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ২০২৪-২৫ সেশনের (স্নাতক) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘেœ অনুষ্ঠিত হয়েছে। চবি ক্যাম্পাসসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।

ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে আয়োজন করতে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে কাজ করেন প্রক্টরিয়াল বডি, বিএনসিসি, রোবান স্কাউটসহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চবি জাতীয়তাবাদী ছাত্রদল, চবি ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরীক্ষার্থীদের সহযোগিতায় ছিল বিভিন্ন জেলা ও উপজেলা সংগঠনের সদস্যরা। এ সময় ভর্তিচ্ছুদের মধ্যে কলম ও খাবার পানি বিতরণ করা হয়। অভিভাবকদের সেবা নিশ্চিতে নির্মাণ করা হয়েছে অস্থায়ী সেট।

এ বছর বিজ্ঞান অনুষদভুক্ত এ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯ হাজার ৮১ জন শিক্ষার্থী। ফলে আসনপ্রতি ৮৯ জন ভর্তিচ্ছু লড়েছেন।

এবারও চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে চবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ২৩ হাজার ৯৭ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ৬৬ হাজার ১৮০ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৮০৪ জন পরীক্ষার্থী। চবির ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। প্রতি আসনে লড়বেন ৫৫ জন ভর্তিচ্ছু। গত বছর আবেদন করেছিলেন ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আগামী ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের পরীক্ষা। এ ছাড়া বি-১ উপ-ইউনিটের ১০ মার্চ, বি-২ ১১ মার্চ ও ডি-১ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।