শিশু সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

একদিকে চলছিল প্রথম রমজানের তারাবি নামাজ। অন্যদিকে নরসিংদীর রায়পুরায় ৩ বছরের শিশু সন্তান আহনাফকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তারই মায়ের বিরুদ্ধে।

শনিবার (১ মার্চ) রাত সাড়ে ৯ টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর এলাকায় এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে। ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়েছেন মা শিরিন আক্তার (২৫)।

অভিযুক্ত শিরিন আক্তার ওই এলাকার সৌদি আরব প্রবাসী ডালিম মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ বছর আগে বিয়ে হয় শিরিন ও ডালিম দম্পতির। বিয়ের তিন বছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান ডালিম। এরপর শিরিন তাদের একমাত্র সন্তান আহনাফকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। শিরিনের স্বামী ডালিম মিয়া বিদেশে যাবার পর থেকেই বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে কলহ তৈরী হয়। দাম্পত্য জীবনের কলহের জেরেই শিশু সন্তান আহনাফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে।

রায়পুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।