‘ভুয়া’ আখ্যা দিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার আরও ১০

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় এক পুলিশ সদস্যকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে মারধরে জড়িত থাকার অভিযোগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার (১ মার্চ) দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), গনপতি (৫৭), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা পরিকল্পিতভাবে এসআই ইউসুফ আলীকে হেনস্থা করেছিল। তারা মূলত ছিনতাই কাজে জড়িত এবং মাদকসেবী।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে ‘মব’ সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পরে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা ‘মব’ সৃষ্টিকারী দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী।