চ্যাম্পিয়নস ট্রফির ২০২৫ আসরটি পাকিস্তানের জন্য পুনরুত্থানের মঞ্চ হতে পারত। স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে তারা প্রতিযোগিতায় নেমেছিল বড় প্রত্যাশা নিয়ে। তবে ব্যর্থতার গ্লানি নিয়েই শেষ হয়েছে তাদের অভিযান। গ্রুপ পর্বেই ছিটকে গেছে মোহাম্মদ রিজওয়ানের দল।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। কিন্তু সেই ম্যাচও একতরফা ভাবে হেরে যায় তারা। বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে সহজ জয় তুলে নেয় ভারত। ম্যাচ শেষ করেন কোহলি নিজেই, ম্যাচ জেতানো চারে পৌঁছে যান নিজের ৫১তম ওয়ানডে শতকে। এই হার পাকিস্তানকে কার্যত টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়, পরবর্তীতে আনুষ্ঠানিকভাবেই নিশ্চিত হয় তাদের বিদায়।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের হতাশাজনক বিদায়ের পর রিজওয়ানের নেতৃত্ব নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক পেসার মোহাম্মদ আমির। ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতা পাকিস্তান দলে থাকা এই তারকা স্পষ্টভাষী হিসেবে পরিচিত। ভারতের বিপক্ষে ঐতিহাসিক সেই ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করা আমির এবার তুলোধুনো করলেন রিজওয়ানকে।
স্পোর্টস তকের সঙ্গে আলাপকালে রিজওয়ানের নেতৃত্বকে সরাসরি ‘রিকশার’ সঙ্গে তুলনা করে বসেন আমির,‘রিজওয়ান (হাসি)... ফেরারি থেকে এখন আপনি রিকশায় এসে পৌঁছেছেন (আবার হাসি)। প্রথম দিকে ওর নেতৃত্ব বেশ ভালোই লেগেছিল। ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে সফল ছিল সে, তার দল ফাইনালেও খেলত। কিন্তু হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো অদ্ভুত হতে শুরু করল। জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি এই কয়েক মাস ওর ড্রেসিংরুমে ছিলাম না। কিন্তু তার সিদ্ধান্তগুলো আজব লাগছে।’
আমির আরও বলেন, ‘শুরুতে ও সাহসী অধিনায়ক ছিল, মনে হচ্ছিল কিছু পরিবর্তন আনবে। কিন্তু হঠাৎ ২-৪ মাসের মধ্যে মনে হলো, ও ক্রিকেটীয় বুদ্ধির দিক থেকে বেশ দূরে চলে গেছে। সবাই বলছিল— আহমেদ (শেহজাদ) ভিডিও বানিয়েছে, আমি সাক্ষাৎকার দিয়েছি, ওয়াসিম (আকরাম) ভাই-ও বলেছেন, দলটা ঠিক হয়নি। এখানে প্রকৃত ওপেনার নেই, স্পিনার দরকার ছিল। অধিনায়ক যদি বলে তার কোনো ক্ষমতা নেই, তাহলে সেটা মিথ্যে। অধিনায়ক হিসেবে ওর ক্ষমতা ছিল, কিন্তু তা কাজে লাগায়নি। কেন করেনি, জানি না।’
পাকিস্তানের দল নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন আমির। ফখর জামান ইনজুরিতে ছিটকে যাওয়ার পর ইমাম-উল-হককে দলে ফেরানোর সিদ্ধান্তকে ভুল বললেন তিনি,‘ওরা সুযোগ পেয়েছিল ফখর জামানের ইনজুরির পর, তখন এক্সট্রা স্পিনার নেওয়া যেত। কিন্তু ওরা সেটা করেনি। যখন কারও প্রতি ঋণশোধের দায় থাকে আর দলকে পেছনে ফেলে ব্যক্তি স্বার্থ দেখা হয়, তখনই সমস্যা তৈরি হয়। দলে উসমান ছিল, ইমামের দরকারই ছিল না। ওরা একজন অতিরিক্ত স্পিনার নিতে পারত, কিন্তু নেয়নি।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও দলের বর্তমান ব্যবস্থাপনা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন আমির।‘যদি সঠিক সিদ্ধান্ত না নেওয়া হয়, পাকিস্তান ক্রিকেট ২০ বছর পিছিয়ে যাবে,’ মন্তব্য করেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায়ের পর চারদিক থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভক্তদের ক্ষোভ আকাশচুম্বী, অনেকেই সরাসরি রিজওয়ান ও বাবর আজমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ভারতের বিপক্ষে ম্যাচের আগেও অনেক পাকিস্তানি সমর্থক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারত সহজেই ম্যাচ জিতবে— শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো!