সরকারি কর্মীদের দ্বিতীয় দফায় ই-মেইল মাস্কের

যুক্তরাষ্ট্রের সরকারি কর্মীদের দ্বিতীয় দফায় ই-মেইল পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। আগের বারের মতো এই মেইলেও এক সপ্তাহের কাজের সারসংক্ষেপ জানিয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটির মানবসম্পদ বিভাগের (ওপিএম) পক্ষ থেকে বিভিন্ন সংস্থায় পাঠানো এসব মেইলে বিগত এক সপ্তাহের পাঁচটি অর্জন উল্লেখ করতে বলা হয়েছে।

নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক বলেন, এই মেইলের জবাব দেওয়া নির্বাহী বিভাগে কর্মরত সবার জন্য বাধ্যতামূলক। মেইল প্রাপ্ত কেউ যদি কোনো গোপনীয় বা সংবেদনশীল কাজে যুক্ত থাকে, তবে অন্তত সেটি জানিয়ে হলেও মেইলের জবাব দিতে হবে। গত সপ্তাহেও একই পদ্ধতিতে মেইল করেছিলেন মাস্ক। সেবার জবাব দিতে ব্যর্থ হলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছিল। তবে প্রতিরক্ষা ও গোয়েন্দা সংস্থাগুলোসহ বেশ কিছু বিভাগ তাদের কর্মীদের ই-মেইলের জবাব দিতে নিষেধ করে।