চীনের হাইতিয়ান গ্রুপ ও আরএফএলের মধ্যে চুক্তি

গৃহস্থালি প্লাস্টিক পণ্যের রপ্তানি বাড়াতে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে একটি চুক্তি সই করেছে। চীন থেকে উন্নতমানের যন্ত্রপাতি আমদানি করা হবে এ চুক্তির আওতায়। গতকাল রবিবার রাজধানীতে গুলশানের একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর হয়।

এ সময় জানানো হয়, আরএফএল গ্রুপ ২০০ কোটি টাকা বিনিয়োগে রপ্তানিমুখী প্লাস্টিক পণ্য উৎপাদনের কারখানা করতে যাচ্ছে। গাজীপুরের কালীগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে কারখানাটি হচ্ছে। নিজস্ব অর্থায়ন এবং ব্যাংকঋণের মাধ্যমে এ অর্থের সংস্থান করা হবে। ওই কারখানার যন্ত্রাংশ সরবরাহ করবে হাইতিয়ান গ্রুপ।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।