তারকারা কে কোন দলে

এপ্রিলের মাঝামাঝি সময়ে দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এর আগে জাতীয় দলের আর কোনো ব্যস্ততা নেই। তাই প্রিমিয়ার লিগের প্রথম পর্বে দেশের শীর্ষ ক্রিকেটারদের সবাইকেই খেলতে দেখা যাবে।

রাজনৈতিক পটপরিবর্তনে সার্বিকভাবে আবাহনী বড় ধাক্কা খেলেও ক্লাবে থেকে গেছেন শান্ত ও মোসাদ্দেক। বাঁহাতি স্পিনার রকিবুল হাসানও রয়ে গেছেন চ্যাম্পিয়ন দলটিতে। এছাড়া দলটির বেশিরভাগ ক্রিকেটার খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা।

এবার নতুন করে আবাহনীতে নাম লিখিয়েছেন মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, নাহিদ রানা, পারভেজ হোসেন, রিপন ম-ল, জিসান আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাহফুজুর রহমান রাব্বিরা।

মোহামেডান স্পোর্টিং ক্লাবে যোগ দিয়েছেন তামিম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম। ক্লাবটিতে আগে থেকেই আছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদাররা।

জাতীয় দল ও আশপাশে থাকা একঝাঁক তারকা ক্রিকেটার নিয়ে দল গড়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। সৌম্য সরকার, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, জাকের আলি, আকবর আলি, সাইফ হাসান, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, তানজিম হাসান, তানজিদ হাসান, রেজাউর রহমান রাজা, তানভির ইসলামরা যোগ দিয়েছেন দলটিতে।

লিগের দলবদলের প্রথম দিন সাকিব আল হাসানকেও দলে নিয়েছিল রূপগঞ্জ। তবে পর দিনই নিজ থেকে নাম প্রত্যাহার করে নেন দেশের সর্বকালের সেরা ক্রিকেটার।

আবাহনী ছেড়ে এবার প্রাইম ব্যাংকে গেছেন মোহাম্মদ নাঈম শেখ, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদুল ইসলাম, সাব্বির হোসেনরা। শামীম হোসেন, রিশাদ হোসেন, ইরফান শুক্কুর, আরাফাত সানিকেও দলে নিয়েছে প্রাইম ব্যাংক। জাকির হাসান, শাহাদাত হোসেনরা রয়ে গেছেন দলে।

নাম বদলে যাওয়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবে রয়ে গেছেন নুরুল হাসান সোহান, ইয়াসির আলি চৌধুরি। কামরুল ইসলাম, হাবিবুর রহমান সোহান, হাসান মুরাদ, মারুফ মৃধা, আশিকুর রহমান শিবলিরা যোগ দিয়েছেন দলটিতে।

প্রাইম ব্যাংক ছেড়ে পারটেক্সে যোগ দিয়েছেন সাব্বির রহমান। দলকে নেতৃত্বও দেবেন তিনি। তরুণ লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগ, কিপার-ব্যাটসম্যান আদিল বিন সিদ্দিকও এবার খেলবেন পারটেক্সে।

গত দুই আসরে আবাহনীর হয়ে রানের ফোয়ারা ছোটানো এনামুল হক বিজয় এবার খেলবেন গাজী গ্রুপের হয়ে। এছাড়া মুনিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, শামসুর রহমান, মুকিদুল ইসলামরাও নাম লিখিয়েছেন গাজী গ্রুপে।

মোহামেডান ছেড়ে প্রিমিয়ার লিগে ফেরা অগ্রণী ব্যাংকে যোগ দিয়েছেন ইমরুল কায়েস, নাঈম হাসানরা। সাদমান ইসলাম, মার্শাল আইয়ুব, শুভাগত হোম, রবিউল হক, অমিত হাসান, রুয়েল মিয়ারাও এবার নাম লিখিয়েছেন অগ্রণী ব্যাংকে।

লিগ শুরুর আগের দিন চমক দিয়ে লিটন কুমার দাসকে দলে নিয়েছে নবাগত গুলশান ক্রিকেট ক্লাব। এছাড়া দলটিতে আছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম, খালিদ হাসান, ইফতেখার হোসেন ইফতি, সাকিব শাহরিয়ারের মতো তরুণ ক্রিকেটাররা।