ইতালিয়ান লিগে পয়েন্ট সমান হলে সবার আগে দেখা হয় মুখোমুখি লড়াইয়ের হিসাব। নাপোলি ও ইন্তার মিলানের এবার সিরি’আ-তে প্রথম দেখায় ম্যাচ শেষ হয়েছিল সমতায় (১-১)। শনিবার নাপোলির মাঠেও এই দুই দলের ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা আতালান্তা ও ভেরোনার ম্যাচও গোলশূন্য ড্র হয়। ফলে ২৭ ম্যাচ শেষে লিগ টেবিলের শীর্ষ তিনে এলো না কোনো পরিবর্তন। ৫৮ পয়েন্টে শীর্ষেই রইল ইন্তার, ৫৭ পয়েন্টে দুইয়ে নাপোলি, ৫৫ পয়েন্টে তিনে আতালান্তা।
ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যায় ইন্তার। ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফেদেরিকো দিমার্কো। ৮৭ মিনিটে জোরালো শট নেন নাপোলির বিলিং। সেটা ফিরিয়ে দেন ইন্তারের গোলকিপার জোসেপ মার্তিনেজ। শট নিয়ে একটু ডানে সরে যান বিলিং, ফিরতি বলও যায় সেদিকেই! সুযোগ পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি।