রূপগঞ্জে দম্পতিকে কুপিয়ে জখম বাড়িতে হামলা-ভাঙচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন শাহনাজ বেগম ও সিরাজুল ইসলাম নামে এক দম্পতিকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাঁপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়ে গতকাল রবিবার সকালে আহত শাহনাজ বেগমের ভাই আল-আমিন খান বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দেন।

আল-আমিন অভিযোগে উল্লেখ করেন, তার বোনজামাই সিরাজুল ইসলামের সঙ্গে খাঁপাড়া এলাকার আশিক, অনিক ও জাহিদুল ফকিরদের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আশিক, অনিক, জাহিদুল ফকির, হারুন ফকির, সিফাত, জুনায়েত, নিপা, দীপাসহ অজ্ঞাতনামা চার-পাঁচজন রামদা, কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বোনজামাইয়ের বাড়িতে ঢুকে হামলা ও ভাঙচুর চালাতে থাকে। এ সময় বাড়িতে থাকা বোন শাহনাজ বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সিরাজুল ইসলাম বাঁচাতে এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। হামলাকারীরা ১৭ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, ‘এ ধরনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’