নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়েছেন দুই পরিবারের শিশুসহ ৮ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নাম্বার চেয়ারম্যান অফিসের পাশে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে হঠাৎ করেই গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে টিনশেড ঘরে। এ সময় দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ সবাইকেই ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
দগ্ধরা হলেন- রিকশাচালক হান্নান (৫০), তার স্ত্রী লাকি আক্তার (৩৫), মেয়ে জান্নাত (৪), মেয়ে সামিয়া (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তার স্ত্রী রুপালি (২০) ও তাদের একমাত্র দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া নুরজাহানের ২২, জান্নাত ৩, সামিয়া ৭, সাব্বির ২৭, সোহাগ ৪০, রুপালি ৩৪ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
ইনস্টিটিউটটির পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালী পুড়ে যাওয়ায় ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।