ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দলবদলে টোকেন তুললেও অনিশ্চিত অবস্থায় ছিলেন লিটন দাস। পারিশ্রমিকের বিষয়টি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, যার কারণে বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা করেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি জাতীয় দলের এই উইকেটকিপার ব্যাটার। শেষ মুহূর্তে অবশ্য গুলশান ক্রিকেট ক্লাবে নাম লিখিয়েছেন তিনি, তবে লিগ শুরুর দিনই দেখা গেল ভিন্ন চিত্র—প্রথম ম্যাচের ১৯ জনের তালিকাতেও জায়গা হয়নি লিটনের!
গুলশানের হয়ে লিটন মাঠে নামছেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল শুরু থেকেই। বিকেএসপির ৩ নম্বর মাঠে ম্যাচের দিনও তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রথমে ধারণা করা হচ্ছিল, ঢাকার ট্রাফিকের কারণে হয়তো দেরি হচ্ছে তার পৌঁছাতে। কিন্তু টসের পর যখন দল ঘোষণা করা হলো, তখনই বিষয়টি পরিষ্কার হয়—লিটন একাদশে তো নেই-ই, ১৯ জনের স্কোয়াডেও তার নাম নেই!
গুলশানের ঘোষিত স্কোয়াডে ছিলেন আজিজুল হক তামিম, মেহেদী হাসান, রায়হান আলী, মোহাম্মদ ইলিয়াস, জাওয়াদ আবরার, খালিদ হাসান, আসাদুজ্জামান পায়েল, হাবিবুর শেখ মুন্না, ইফতিখার হোসেন ইফতি, শাকিল হোসেন এবং নিহাদ উজ জামান। অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে শাহাদাত হোসেন, সাকিব শাহরিয়ার, আলিফ হাসান ইমন ও রনি চৌধুরীকে। কিন্তু এই তালিকায় লিটনের নাম নেই!
গুলশানের এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তারা আগেই জানতেন লিটন প্রথম ম্যাচে খেলবেন না। তবে ঠিক কী কারণে তাকে দলে রাখা হয়নি, সে বিষয়ে কিছু বলেননি কেউই।
ডিপিএল শুরুর একদিন আগেই তামিম ইকবাল নিশ্চিত করেছিলেন লিটনের দল পাওয়া নিয়ে। তবে প্রথম দিনেই মাঠের বাইরে থাকা তার সাম্প্রতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
এদিকে, প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিং করছে গুলশান ক্রিকেট ক্লাব। তবে লিটন দাস কবে নাগাদ মাঠে নামবেন, সেটি এখনও নিশ্চিত নয়।