শীর্ষস্থান পুনরুদ্ধার বার্সার

লা লিগায় এক সপ্তাহের ব্যবধানে একই নাটকীয়তার পুনরাবৃত্তি। গত সপ্তাহে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠেছিল আতলেতিকো মাদ্রিদ, কিন্তু মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে আবারও শীর্ষে ফিরেছিল কাতালানরা। এবারও গল্পটা প্রায় একই রকম।

শনিবার বার্সাকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছিল আতলেতিকো। কিন্তু ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে নিজেদের জায়গা ফিরে পেয়েছে বার্সেলোনা। রবিবার রাতে রিয়াল সোসিয়েদাদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফের শীর্ষে ফিরেছে হান্সি ফ্লিকের দল।

ম্যাচের ১৭ মিনিটেই প্রতিপক্ষ ১০ জনের দলে পরিণত হওয়ায় পুরো সুবিধা নেয় বার্সেলোনা। রিয়াল সোসিয়েদাদের আরিৎজ এলুসতোন্দো লাল কার্ড দেখার ৮ মিনিট পরই কাতালান শিবিরে আনন্দের সুর বাজান জেরার্দ মার্তিন। এরপর মাত্র ৪ মিনিটের ব্যবধানে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কাসাদো।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা বজায় রাখে বার্সা। ৫৬ মিনিটে রোনাল্দ আরাউহোর হেডে আসে তৃতীয় গোল, আর ৬০ মিনিটে চতুর্থ গোলটি করেন পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি।

বড় ব্যবধানে জয় পেলেও ম্যাচের শুরুটা বার্সার পক্ষে ছিল না। ৯ মিনিটেই রিয়াল সোসিয়েদাদের সের্হিও গোমেজ বল জালে জড়িয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোল। এরপর ১৭ মিনিটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে—দানি ওলমোকে পেছন থেকে টেনে ফেলে সরাসরি লাল কার্ড দেখেন এলুসতোন্দো। সংখ্যাগরিষ্ঠতায় পাওয়া সুবিধা পুরোপুরি কাজে লাগিয়ে এরপর গোল উৎসবে মাতে বার্সেলোনা।

২৬ ম্যাচে ১৮তম জয় পাওয়া বার্সেলোনার পয়েন্ট এখন ৫৭। এক পয়েন্ট কম নিয়ে (৫৬) দুই নম্বরে নেমে গেছে আতলেতিকো মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৪, যারা শনিবার বেতিসের কাছে হেরে গেছে।

লা লিগার শীর্ষ লড়াই এবারও দারুণ জমে উঠেছে। তবে আতলেতিকো ও রিয়াল মাদ্রিদের ওপর আবারও নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল বার্সেলোনা।