বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি-ভারতীয় হাইকমিশনারের বৈঠক

আসন্ন এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ মার্চ শিলংয়ে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই বৈঠকে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

সাক্ষাতে মূলত বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজন, দুই দেশের ফুটবল সহযোগিতা বৃদ্ধি এবং খেলাধুলার মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। দুই পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে যে, এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের ফুটবল সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।

বাংলাদেশ জাতীয় দল ৫ মার্চ সৌদি আরবে অনুশীলন ক্যাম্পের উদ্দেশ্যে দেশ ছাড়বে। সেখানে প্রস্তুতি সেরে ১৮ মার্চ ঢাকায় ফিরবে এবং ২০ অথবা ২১ মার্চ শিলংয়ে ম্যাচ খেলতে যাবে। এজন্য বাফুফে আগে থেকেই ভারতীয় ভিসার জন্য আবেদন করেছিল।

তবে যাত্রার মাত্র দুই দিন আগে পর্যন্ত খেলোয়াড় ও কোচিং স্টাফদের পাসপোর্ট হাতে না আসায় কিছুটা দুশ্চিন্তায় ছিল ফেডারেশন। শেষ পর্যন্ত এই সমস্যা দূর হয়েছে বলে নিশ্চিত করেছেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম। তিনি বলেন, 'বাংলাদেশ কন্টিনজেন্টের ভারতীয় ভিসা ইস্যু হয়েছে, যা স্বস্তির খবর।'

এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচ ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। ফলে শুধু শিলংয়ের ম্যাচ নয়, সামগ্রিকভাবে দুই দেশের মধ্যকার ম্যাচ আয়োজন ও প্রস্তুতির দিক নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

এখন সব নজর ২৫ মার্চের ম্যাচের দিকে, যেখানে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।