জামায়াতে ইসলামী শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবেই মূল্যায়ন করে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জামায়াতে ইসলামী শহীদের নিয়ে অন্যদের মতো রাজনীতি করে না এবং করবে না। শহীদের নিয়ে যারা রাজনীতি করে করুক। জামায়াতে ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য।’
আজ সোমবার শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, ‘যেই মা-বাবা সন্তা হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যেই সন্তান পিতা-মাতা হারিয়েছে তারা গত বছর রমজানে একত্রে সেহরি ও ইফতার করেছে। এ বছর সেই স্মৃতি মনে করে সেহরি ও ইফতার তৃপ্তিতে করতে পারে না। এই বেদনা সহ্য করার নয়।’
এ সময় তিনি এবারের ঈদ শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের সাথে পালনের ঘোষণা দেন। আমিরে জামায়াত বলেন, শহীদের নিয়ে প্রকাশিত শহীদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহীদ পরিবারে পৌঁছানো হবে।’
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারী ১ হাজারের অধিক ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। সভা শেষে গণহত্যার শিকার পরিবারকে হত্যাকারীদের বিচার দেখার সুযোগ দান এবং বাংলাদেশের জন্য আগামীতে ন্যায়পরায়ণ শাসক কামনায় বিশেষ মোনাজাত করেন জামায়াত আমির।