বিএনপি নেতার বিরুদ্ধে কুয়েটের ২ প্রকৌশলীকে হুমকির অভিযোগ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ওই দু’প্রকৌশলী নিরাপত্তা চেয়ে ভিসি বরাবর অভিযোগ করেছেন।

দুই প্রকৌশলী হলেন- কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়া।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপর ওয়াটার প্রুফিংয়ের কাজে নিয়োজিত ঠিকাদার ও বিএনপি নেতা মোল্লা সোহাগ হুমকি দেয়।

নির্বাহী প্রকৌশলী মো. গোলাম কিবরিয়া জানান, রবিবার দুপুর ৩টার দিকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদের ব্যবহৃত ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। পরবর্তীতে তিনি গালিগালাজ করতে নিষেধ করলে বিএনপি’র ওই নেতা তাকে মারার হুমকি দেয়। এরপর একই ব্যক্তি একই নম্বর থেকে নির্বাহী প্রকৌশলী আবু হায়াতকেও পরপর তিন বার ফোন করে একই কায়দায় গালিগালাজ ও মারধরে হুমকি দেয়।

ভিসির কাছে লিখিত অভিযোগে ওই দুই প্রকৌশলী উল্লেখ করেন, ১৩ নম্বর ভবনের উল্লেখিত কাজের রেট প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজার দরের সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি এবং ১০ শতাংশ প্রফিট যুক্ত করে দর নির্ধারণ করে। মোল্লা সোহাগের বক্তব্য ১০ শতাংশ প্রফিট কেন যুক্ত করে দর নির্ধারণ করা হল, তাকে আরও বেশি শতাংশ ধরে প্রফিট দিতে হবে।

এ কথা বলার পর তাকে অফিসে যোগাযোগ করতে বললে মোবাইলে হুমকি প্রদান করেন ওই বিএনপি নেতা মোল্লা সোহাগ।