পাকিস্তানে আত্মঘাতী হামলায় সেনাসদস্য নিহত, আহত ৪

পাকিস্তানে এক আত্মঘাতী নারীর ‘বিরল’ হামলায় অন্তত একজন সেনা সদস্য নিহত ও চারজন আহত হয়েছে। সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে এ হামলা হয়। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা বিলাল শব্বির জানান, বেলুচিস্তানের কালাত জেলায় আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) একটি গাড়িবহর লক্ষ্য করে এক আত্মঘাতী নারী হামলাকারী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত একজন এফসি সদস্য নিহত ও চারজন আহত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ওই অঞ্চলের সবচেয়ে সক্রিয় বিদ্রোহী সংগঠন হিসেবে পরিচিত এবং তারা প্রায়ই নিরাপত্তা বাহিনী ও অন্যান্য প্রদেশ থেকে আসা পাকিস্তানিদের ওপর প্রাণঘাতী হামলা চালায়।

গত বছর পাকিস্তানে সহিংসতার ঘটনায় এক হাজার ৬০০ জনের বেশি নিহত হয়। এদের মধ্যে ৬৮৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিল বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ। এএফপির হিসাবে, চলতি বছর পাকিস্তানে অন্তত ৮১ জন হামলায় নিহত হয়েছে যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।