ফেনী আলকেমি হাসপাতালে পারুল আক্তার (৪৫) নামে এক রোগীর ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার রোগীর ভাই আমির হোসেন ফেনী সিভিল সার্জন কার্যালয়ে লিখিতভাবে ডা. মাহবুবা খানম ও সহযোগীদের দায়ী করে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলার মধ্যমচন্ডিপুর নয়াপাড়া গ্রামের পারুল আক্তার জরায়ু অপারেশন করার জন্য ফেনী আলকেমি হাসপাতালে ভর্তি হন। গত ২০ ফেব্রুয়ারি ডা. মাহবুবা খানম তার অপারেশন করেন। অপারেশনের দুইদিন পর রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ডা. দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
কুমিল্লা মেডিকেল কলেজ নেওয়া হলে চিকিৎসকরা জানান, আগের চিকিৎসক অপারেশন করার সময় ভুল করেছে। ফলে পায়খানার রাস্তা কেটে যায় এবং মল শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। এতে শরীরে জীবাণু ঢুকে পড়ে। এজন্য আবার অপারেশন করতে হবে এবং রোগীর বেঁচে থাকার সম্ভাবনা কম। গত রবিবার (২ ফেব্রুয়ারি) অপারেশন করার পর রোগী মারা যায়।
রোগীর ভাই আমির হোসেন বলেন, ডা. মাহবুবা ও তার সহযোগীরা উন্নত চিকিৎসার ব্যবস্থা না করে ভুল অপারেশন করেছে। এতে আমার বোনের মৃত্যু হয়েছে। আমি তদন্তপূর্বক ন্যায়বিচার আশা করি।
এ বিষয়ে ডা. মাহবুবা খানম বলেন, অপারেশন হওয়ার দুইদিন পরে সমস্যা দেখা দিলে আমরা রোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। অপারেশন করার সময় সফলভাবেই সম্পন্ন হয়েছে।
ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন অভিযোগ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেন এবং দুই দিনের মধ্যে তদন্ত কমিটির মাধ্যমে তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।