মেটার স্মার্টগ্লাস 

আমেরিকান টেক জায়ান্ট মেটা তাদের স্মার্টগ্লাস (স্মার্ট চশমা) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) হেডসেট নিয়ে যে বেশ উচ্চাকাক্সক্ষী সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ গত মাসেই জানিয়েছেন যে, মেটার এআই সক্ষমতার স্মার্টগ্লাসের জন্য ২০২৫ সালটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবারে জানা গেল, বছরে ১ কোটি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে মেটা।

২০২৪ সালে মেটা ১ মিলিয়নের চেয়েও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি করেছে বলে জানা গেছে। এ-বছর (২০২৫ সালে) সংখ্যাটা ৫ মিলিয়নে পৌঁছাতে পারে বলেও গত মাসেই জানিয়েছেন জাকারবার্গ। কিন্তু স্মার্টগ্লাস নিয়ে মেটা যে আরও উচ্চাভিলাষী সেটা জানা গেল রে-ব্যান স্মার্টগ্লাসের চুক্তিভিত্তিক নির্মাতা এসিলরলাক্সোটিকা-এর কল্যাণে।

বিশ্বখ্যাত এই গ্লাস নির্মাতা প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে বাজারে আসার পর থেকে এখন পর্যন্ত ২ মিলিয়ন অর্থাৎ ২০ লাখেরও বেশি রে-ব্যান স্মার্টগ্লাস বিক্রি হয়েছে। তবে ২০২৬ সাল থেকে এসিলরলাক্সোটিকা মেটার জন্য বছরে ১০ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি স্মার্টগ্লাস তৈরির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এখন এসিলরলাক্সোটিকা যদি বছরে ১ কোটি মেটা স্মার্টগ্লাস তৈরি করে তাহলে সরলভাবে এর অর্থ হচ্ছে জাকারবার্গের মেটা বছরে ১ কোটি স্মার্টগ্লাস বিক্রির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

মেটার সব গ্লাস বা চশমাতেই থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাপোর্ট এবং সাবস্ক্রিপশন-ভিত্তিক বিভিন্ন সেবাও আসতে চলেছে মেটার স্মার্টগ্লাসে। এসিলরলাক্সোটিকা চায় মেটার মাল্টিমোডাল এআই ফিচারগুলো বিশ্বব্যাপী আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাক। উল্লেখ্য, এআর ও ভিআর প্রযুক্তি পণ্য তৈরির জন্য মেটার রয়েছে আলাদা ডিভিশন বা বিভাগ রয়েছে। রিয়েলিটি ল্যাবস নামের এই বিভাগটিতে মেটার এ-যাবৎকালের মোট বিনিয়োগ চলতি বছরই ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানা গেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মেটা এ বছরই ডিসপ্লে-সমৃদ্ধ নতুন একটি স্মার্টগ্লাস নিয়ে আসতে পারে। নতুন এই গ্লাসটি নিয়ন্ত্রণ করা যাবে একটি নিউরাল রিস্টব্যান্ড দিয়ে। তাই অনুমান করা যায়, নতুন স্মার্টগ্লাসের সঙ্গে মেটা নতুন একটি প্রযুক্তি পণ্য নিয়ে আসছে।