‘ছাগলকান্ডে’ আলোচিত সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল সোমবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সিআইডি।
সিআইডি জানায়, সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (আজ) আদালতে পাঠানো হবে তাকে। গ্রেপ্তারের বিষয় ও তার বিরুদ্ধে ১৩৩ কোটি টাকার অর্থ পাচারের মামলার বিষয়ে আজ বেলা ৩টায় সিআইডি হেডকোয়ার্টার্সে বিস্তারিত জানানো হবে।
এর আগে ইমরান হোসেনের ২৭টি ব্যাংক হিসাব জব্দ করে আদালত। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। গত বছর ঈদুল আজহার আগে কোটি টাকার দামের ‘বংশ মর্যাদাসম্পন্ন গরু’ ও ছাগলের দাম ১৫ লাখ টাকা চাওয়ার ঘটনায় শুরু হয় সমালোচনা। সেই ছাগল ১২ লাখ টাকায় কেনার চুক্তি করেন মুশফিকুর রহমান ইফাত নামে ১৯ বছর বয়সী এক তরুণ। ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার চুক্তির পর তার বাবা এনবিআর সদস্য মতিউর রহমান ও তার পরিবারের বিপুল সম্পদের তথ্য আসে গণমাধ্যমে। এরপর সাদিক অ্যাগ্রোর নানা অনিয়মের বিষয়েও প্রতিবেদন প্রকাশ হয় সংবাদমাধ্যমে।