লালমাটিয়ায় তরুণী লাঞ্ছনা

স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্যে বিক্ষোভ অপসারণ দাবি

রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার একদল নারী। গতকাল সোমবার ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে লালমাটিয়ার ওই ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে গত শনিবার সন্ধ্যায় লালমাটিয়ায় একটি চায়ের দোকানে বসে ধূমপান নিয়ে দুই তরুণীকে শারীরিক লাঞ্ছনার ঘটনা ঘটে। পরদিন ওই ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিক্রিয়া জানান।  তিনি ‘পাবলিক প্লেসে’ ধূমপান করা আইন অনুযায়ী নারী-পুরুষ উভয়ের জন্যই অপরাধ বলে উল্লেখ করেন।

তার ওই বক্তব্যের প্রতিবাদে গতকাল লালমাটিয়ার ওই জায়গায় গিয়ে বিক্ষোভের পর জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণেরও দাবি জানান তারা।

পুলিশের ভাষ্য, লালমাটিয়ায় আড়ংয়ের পাশের চায়ের দোকানে দুই তরুণী চা-সিগারেট খাচ্ছিলেন। পাশ দিয়ে যাচ্ছিলেন এক বয়স্ক ব্যক্তি। তিনি তরুণীদের সিগারেট খাওয়া নিয়ে আপত্তি জানিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। দোকানিকেও দোকান বন্ধ করতে বলেন। এ নিয়ে ওই ব্যক্তির সঙ্গে তরুণীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যক্তির গায়ে চা ছুড়ে মারেন একজন। এরপর লোকজন সেখানে জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।