মেয়ের চুরি হওয়া গরুর গাড়ি থামাতে গিয়ে বাবার মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় মেয়ের চুরি হওয়া গরুর গাড়ি থামাতে গিয়ে বাবা সবুর উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার রাত ১টার পরে উপজেলার তিল্লি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই বৃদ্ধ আকাশী গ্রামে মৃত পন্ডিত আলীর ছেলে।

জানা গেছে, নিহতের মেয়ে নার্গিস আক্তারের শশুর বাড়ি পার্শ্ববর্তী থানা দৌলতপুরের ঘড়িয়ালা গ্রামে। ওই রাতে তাদের নিজ বাড়ি থেকে দুইটি গরু চুরি করে গাড়িতে উঠিয়ে তিল্লির দিকে নিয়ে যায় চোরচক্র।

বিষয়টি মোবাইলে তার বাবা সবুর উদ্দিনকে জানালে তার ভাই শওকতকে সাথে নিয়ে চোরচক্রের গাড়ি থামাতে বাড়ির সামনে রাস্তায় বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে দেয়। কিন্তু গাড়ি না থামালে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন সবুর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্বার করে ময়না তদন্ত করার জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।’