মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই আটক

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে মব তৈরি করে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় জড়িত ১২ জনের সবাইকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি জনতা মব সৃষ্টিকারী দুজনকে তৎক্ষণাৎ পুলিশে সোপর্দ করে। এর আগে খবর পেয়ে সৈকত এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। গত শনিবার (১ মার্চ) রাতভর অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সবমিলিয়ে এ ঘটনায় জড়িত সবাইকে (১২ জন) গ্রেপ্তার করা হলো। 

উল্লেখ্য পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ মর্মে সবাইকে সতর্ক করছে যে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।