শরিফুল ইসলামের আগুনে বোলিং আর তানভির ইসলামের স্পিন জাদুতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ম্যাচেই দাপুটে জয় পেল লিজেন্ডস অব রূপগঞ্জ। মাত্র ৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক উইকেটও না হারিয়ে জয় তুলে নিয়েছে আকবর আলীর দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১০ উইকেটে হারিয়েছে তারা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধ্বংসস্তূপে পরিণত হয় গাজী গ্রুপের ইনিংস। মাত্র ৪ রানেই ৬ উইকেট হারায় তারা! প্রথম বলেই এনামুল হক বিজয়কে উইকেটরক্ষকের ক্যাচে পরিণত করেন শরিফুল ইসলাম। একই ওভারে ফেরান সালমান হোসেন ইমনকেও। এরপর তৃতীয় ওভারে সৌম্য সরকারের সরাসরি থ্রোয়ে রান আউট হন সাদিকুর রহমান।
একাই ৪ উইকেট তুলে নেন শরিফুল। তাঁর গুড লেংথের ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন আমিনুল ইসলাম বিপ্লব ও শেখ পারভেজ জীবন। অপরপ্রান্তে তানজিম হাসান সাকিবের বলে বোল্ড হন শামসুর রহমান শুভ। স্কোরবোর্ডে তখন মাত্র ৪ রান, নেই ৬ উইকেট!
এরপর কিছুটা প্রতিরোধ গড়েন তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকি। তাঁদের ৪৭ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। প্রথমে ২৪ রান করা তোফায়েলকে বোল্ড করেন তিনি। এরপর ১৮ রান করা ওয়াসিকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন।
শেষদিকে আব্দুল গাফফার সাকলায়েন ২৬ রান করে দলকে ৯৩ রানে পৌঁছে দেন। শরিফুল ১০ ওভারে মাত্র ১৪ রান খরচায় নেন ৪ উইকেট, তানভির ইসলাম পান ২ উইকেট।
৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলে ১৩.৫ ওভারেই ৯৭ রান তুলে ফেলেন।
তানজিদ মাত্র ৪৬ বলে ১০টি চার ও ২টি ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন। সাইফ হাসান খেলেন ৩৮ বলে ২৭ রানের ইনিংস। ফলে মৌসুমের প্রথম ম্যাচেই ১০ উইকেটের দাপুটে জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।
দিনের ওপর দুই ম্যাচে জয় পেয়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব।