শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক সি আর আবরার। তিনি শিক্ষা উপদেষ্টা হিসেবে আগামীকাল বুধবার (৫ মার্চ) শপথ নেবেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বুধবার বেলা ১১ টায় উপদেষ্টা হিসেবে শপথ নেবেন তিনি।

অধ্যাপক সি আর আবরারের জন্ম ১৯৫২ সালের ১৭ আগস্ট ফরিদপুরে। তার পিতা আবদুস সাত্তার চৌধুরী ও মাতা সোফিয়া সুলতানা। মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন তিনি।

এরপর যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন তিনি।