টেস্ট সিরিজ খেলতে আসছে ‘বিপদের বন্ধু’ জিম্বাবুয়ে

হারতে হারতে পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখনই বাংলাদেশের ক্রিকেটের ত্রাণকর্তা হয়ে দাঁড়ায় জিম্বাবুয়ে। খর্বশক্তির এই দলটির বিপক্ষে রানে ফেরা কিংবা মুড়ি মুড়কির মতো উইকেট নেওয়াটা সহজ কাজ। গত এক যুগ ধরে এমনটাই হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর নাজমুল হোসেন শান্তদের বিপক্ষে টেস্ট খেলতে আসছে জিম্বাবুয়ে।

মূলত ২০২৪ সালেই জিম্বাবুয়ের সঙ্গে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সঙ্গে দুটি টেস্ট খেলার কথা ছিল। তবে সে বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ৩ ম্যাচের জায়গায় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের আয়োজন করা হয়। বাকি দুটি টেস্ট খেলতেই এবার বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস।

আজ মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে নাফিস বলেন, ‘গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফর ছিল। সেই সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। যেহেতু আমাদের সামনে টি-টোয়েন্টি ছিল তাই আমরা ওই সিরিজটি রিশিডিউল করে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছিলাম। আমাদের দুটি টেস্ট ম্যাচ কিন্তু খেলা বাকি ছিল। টেস্ট ক্রিকেট খেলাটা আমাদের অন্যতম প্রায়রিটি। দুটি টেস্ট ম্যাচ যে গত বছর হয়নি ওইটা আমরা কমাতে চাই না। ওই সিরিজটিই রিশিডিউল হয়ে এই বছরের এপ্রিলে দুটি টেস্ট খেলব।’

এর আগে শোনা গিয়েছিল, এ যাত্রায় ৩টি করে ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলবে দুই দল। তবে সেই সিদ্ধান্ত বদলে গেছে। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ডিপিএলে প্রতি রাউন্ডেই খেলা আছে। তাই ভেন্যু নির্ধারণের ব্যাপারে বিসিবির গ্রাউন্ডস কমিটির কাছেও পরামর্শ চাওয়া হয়েছে। গ্রাউন্ডস কমিটির থেকে ভেন্যুর নিশ্চয়তা পেলেই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করবে বিসিবি।

এ ব্যাপারে শাহরিয়ার নাফিস আরও বলেছেন, ‘এবং নির্দিষ্ট তারিখ আমরা খুব তাড়াতাড়ি মিডিয়াকে জানাব। যেহেতু দুটি টেস্ট ম্যাচ, একটি অবশ্যই ঢাকার বাইরে হবে। আর যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, তাই এখানকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা গ্রাউন্ড ডিপার্টমেন্টের কাছে পরামর্শ চেয়েছি। তারা আমাদের পরামর্শ দেবে এবং সবকিছু ঠিক করেই আমরা জানাতে পারব।’