বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ চালাবে: এ্যানী

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যমতের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বিএনপির ৩১ দফার মধ্যে যথেষ্ট সংস্কারের কথা উল্লেখ রয়েছে। যে সংস্কারের কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও বলছেন। তাই সবার মতামতের ভিত্তিতে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণকালে এসব কথা বলেন এ নেতা।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘বিগত সরকার দেশটাকে পেছনের দিকে নিয়ে গেছে। সেখান থেকে উঠে আসতে হলে একদিকে সংস্কার প্রয়োজন। আরেকদিকে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি। বিএনপি এদেশের একটি জনপ্রিয়, আধুনিক এবং মডারেট দল।’

তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পর দেশে রাজনৈতিক গুণগত পরিবর্তন হয়েছে। এখন রাজনৈতিক নেতৃত্বের গুণগত পরিবর্তন দেশের মানুষ চায়। বিএনপির মতো মডারেট দল যদি এটি দিতে না পারে, আর কেউ পারবে না। কেউ যেন বাংলাদেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে সবাই লক্ষ্য রাখতে হবে।’ 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীর সভাপতিত্বে এবং কলেজ রোড ক্রীড়া সংঘের উপদেষ্টা মাহবুব আলম মামুনের সঞ্চালনায় ও আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবীর স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রাজু ও আব্দুল্লাহ আল খালেদ প্রমুখ।