৩ দফা কমে ফের বাড়লো স্বর্ণের দাম

টানা ৩ দফা কমার পর ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন করে দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা।

মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বুধবার (৫ মার্চ) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ১ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৪ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৪ হাজার ২৮০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ২ হাজার ৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১ মার্চ, ২৪ ও ২৮ ফেব্রুয়ারি তিন দফা সোনার দাম কমানো হয়। ১ মার্চ ভরিতে ২ হাজার ৬২৪ টাকা, ২৪ ফেব্রুয়ারি ভালোমানের এক ভরি সোনায় এক হাজার ১৫৫ টাকা এবং ২৮ ফেব্রুয়ারি দুই হাজার ৪০৩ টাকা দাম কমানো হয়।

এ দাম কমানোর আগে ২, ৬, ১১, ১৮ ও ২১ ফেব্রুয়ারি এবং ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৫৭৮ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫৮৬ টাকায়।