সিআইডি প্রধানসহ ১৮ কর্মকর্তাকে বদলি, ৪ এসপি ওএসডি

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখসহ ১৪ উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি ও ৪ পুলিশ সুপারকে (এসপি) ওএসডি করা হয়েছে।  

মঙ্গলবার (৪ মার্চ) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে, তিন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের মধ্যে সিআইডি প্রধান মো. মতিউর রহমান শেখকে পুলিশ সদর দপ্তরে, রাজশাহী সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) ও এন্টি টেরোরিজম ইউনিট প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) খোন্দকার রফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে। 

এছাড়া, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিমকে পুলিশ অধিদপ্তরে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলমকে রাজশাহীতে সারদা পুলিশ একাডেমিতে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আশরাফুর রহমানকে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের মো. আতাউল কিবরিয়াকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ঢাকার ডিআইজি মহা. আশরাফুজ্জামানকে রংপুরের পিটিসি কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে, সিআইডিতে কর্মরত ডিআইজি হারুন উর রশিদ হাযারীকে ঢাকা শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং সারদা পুলিশ একাডেমির ডিআইজি রখফার সুলতানা খানমকে ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি করা হয়েছে।  

প্রজ্ঞাপনে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) উপ-কমিশনার মো. সাইফউদ্দীন শাহীনকে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি), খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে সুনামগঞ্জের এসপি, ডিএমপির উপ-কমিশনার রওনক জাহানকে যশোরের এসপি এবং ডিএমপির উপ-কমিশনার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খানকে নীলফামারীর এসপি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে একই প্রজ্ঞাপনে নীলফামারী জেলা পুলিশ সুপার ও বর্তমানে পুলিশ সদর দপ্তরের রিপোর্টকৃত জিয়া উদ্দিন আহমদকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে। সুনামগঞ্জের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত আ ফ ম আনোয়ার হোসেন খানকে পুলিশ অধিদফতরে সংযুক্ত ও কক্সবাজারের সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত মুহাম্মদ রহমত উল্লাহকে পুলিশ অধিদফতরে ও নীলফামারী জেলার সাবেক পুলিশ সুপার বর্তমানে পুলিশ সদর দফতরে রিপোর্টকৃত মোহাম্মদ মোর্শেদ আলমকে পুলিশ অধিদফতরে সংযুক্ত করা হয়েছে।