নেত্রকোনার কেন্দুয়ায় মাজারে হামলা, ওরস পন্ড

নেত্রকোনার কেন্দুয়ায় ওরস আয়োজনের প্রস্তুতির মধ্যে একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা তোরণ ভাঙচুরসহ ওরস পন্ড করে দেয়।

সোমবার রাতে মাসকা বাজারসংলগ্ন ‘হযরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজারে’ স্থানীয় একদল লোক লাঠি মিছিল করে এ ঘটনা ঘটায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মাসকা বাজারসংলগ্ন স্থানে হযরত শাহ নেওয়াজ ফকির ওরফে ল্যাংটা পাগলার মাজার রয়েছে। ওই মাজারে দীর্ঘদিন ধরে বার্ষিক ওরস পালন করে আসছেন ভক্তরা। এবার ৬৪তম বার্ষিক ওরস পালনের প্রস্তুতি নেয় মাজার কমিটি। তবে পবিত্র রমজান মাস থাকায় আগামী বুধবার শুধু দোয়া মাহফিলের আয়োজন করে মাজার কমিটি। এ উপলক্ষে তোরণ নির্মাণসহ মাজারের আশপাশে আলোকসজ্জা করা হয়। সোমবার রাতে স্থানীয় মসজিদে তারাবি নামাজের পর তৌহিদী জনতা নাম নিয়ে একদল লোক হঠাৎ করে লাঠিসোঁটা নিয়ে মিছিল শুরু করে।  এ সময় বিভিন্ন সেøাগান দিয়ে তারা মাজারে হামলা চালায়। এ সময় নির্মাণ করা তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ভেঙে ফেলে। এতে ওরস পন্ড হয়ে যায়।