১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিদায়ী শিক্ষা উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও, এখনও অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি। তবে আগামী ১০ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে। বই ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণেই এখনও নতুন বই পৌঁছাতে দেরি হচ্ছে।

তিনি বলেন, প্রতিবছর শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপার ক্ষেত্রে প্রকৃত চাহিদার চেয়েও অনেক বাড়তি দেখানো হয়। বাড়তি চাহিদা অনুযায়ী বই ছাপাতে সমস্ত লেনদেন দেখানো হয়।

এদিকে বেলা ১২টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই সচিবালয়ে নিজ দপ্তরে এসেছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এর আগে বেলা ১১টার দিকে বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধ্যাপক সি আর আবরার। তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।