ক্যাবেজ রোল

সারা দিন রোজা রাখার পর ইফতার হোক সুস্বাদু ও স্বাস্থ্যকর। পদটি তৈরি করেছেন মারজানা তাবাসসুম অন্যা

উপকরণ

হালকা সেদ্ধ বাঁধাকপির আস্ত পাতা ৫টি, ফুলকপি কিউব করে কাটা আধা, মটরশুঁটি সিকি কাপ, ক্যাপসিকাম সিকি কাপ, সেদ্ধ চিকেন কিমা আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, জিরার গুঁড়ো ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, ধনেপাতা কুচি আধা টেবিল চামচ, বেসন পৌনে ১ কাপ, সুজি আধা কাপ, লবণ ১ চা চামচ ও তেল আধা কাপ।

তৈরির পদ্ধতি

১. পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ভেজে একটু লাল হলে এর মধ্যে সব সবজি দিয়ে দিন। হালকা সেদ্ধ হলে বেসন, সুজি বাদে সব উপকরণ দিয়ে ফিলিং রান্না করুন।

২. এবার একটা একটা করে বাঁধাকপির পাতা নিয়ে এর মধ্যে রান্না করা পুর দিয়ে রোলের মতো পেঁচিয়ে নিন।

৩. বেসন, সুজি, লবণ ও মরিচের গুঁড়োর সঙ্গে পানি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। রোলগুলো এই মিশ্রণে চুবিয়ে তেলে ভেজে নিন।