বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নিশ্চয়ই কিছু গণবিরোধী উপদেষ্টা রয়েছেন, যারা জনগণের সবচেয়ে আলোকিত অংশ শিক্ষকদের অনাহারে রেখেছেন। এদের সন্তানদের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িয়ে আপনারা কী আনন্দ পাবেন, আমি জানি না। কিছু উপদেষ্টা এ কাজগুলো করছেন।’ গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচিতে রিজভী এ কথা বলেন।
রিজভী বলেন, ‘এই নন-এমপিও শিক্ষকরা পেটের ক্ষুধা নিবৃত্তের জন্য যে দাবি তুলেছেন, এ দাবির প্রতি ন্যূনতম কোনো কর্ণপাত করেনি সরকারের পক্ষ থেকে। এটা তো আবু সাঈদের রক্ত ঝড়া সরকার, মুগ্ধের রক্ত ঝড়া সরকার, এটা তো আহনাফের রক্ত ঝড়া সরকার। তো সেই সরকার, আজকে যারা সমাজের মেরুদণ্ড, সমাজকে যারা নির্মাণ করবেন, ছাত্রদের যারা গড়ে তুলবেন, তারা রাস্তায় দাঁড়িয়ে তাদের আহারের জন্য, খাদ্যের জন্য, কোনো রকম মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য আজকে দাবি করছেন। অথচ সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নজর নেই।’
তিনি বলেন, ‘নন-এমপিওভুক্ত শিক্ষকরা যারা গত ২০ বছর, ২৫ বছর, ৩০ বছর ধরে একটি টাকাও পাননি। এরা বাংলাদেশের লোক নন? এরা তো টাকা না নিয়েই অনেক ছাত্র তৈরি করেছেন, যারা সমাজের বিভিন্ন জায়গায় আছেন। বিভিন্ন সরকারি দায়িত্বও হয়তো পালন করছেন। তো এদের (শিক্ষক) দিক থেকে মুখ ফিরিয়ে রেখেছেন কেন?’