পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খননের বিকল্প নেই। একটু বৃষ্টি হলেই ধানম-িসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। এ অবস্থা থেকে উত্তরণে ঢাকার খালগুলোতে পানির প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে। শহরের জীববৈচিত্র্য ঠিক রাখতে খালগুলোকে বাঁচিয়ে রাখতেই হবে।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর বাউনিয়া ও উত্তরার খিদির খাল খনন কার্যক্রম পরিদর্শনে গিয়ে গতকাল বুধবার তিনি এসব কথা বলেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ, বিআইপির সাবেক সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন এবং খাল খনন ও পরিষ্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।