হাসপাতালে চার দিন চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর দেড়টায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন মির্জা ফখরুল। বিএনপি’র মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দলের মহাসচিব এখন সুস্থ। আজ দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।’
শায়রুল কবির খান জানান, আজ ঢাকার একটি পাঁচতারা হোটেলে কূটনীতিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানের আয়োজন করছে বিএনপি। মির্জা ফখরুল এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
হঠাৎ অসুস্থ বোধ করায় গত রোববার সকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল মির্জা ফখরুলকে। তিনি ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালটেন্ট অধ্যাপক এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন।
চিকিৎসকরা জানিয়েছেন, মির্জা ফখরুলের সোডিয়াম লেভেল কমে গিয়েছিল এবং তার বুকে কাশি জমাট বাধায় শ্বাস-প্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ফলে তিনি ভীষণ দুর্বল বোধ করছিলেন। হাসপাতালে ভর্তির পর তার হৃদরোগের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এখন তিনি সুস্থ আছেন।