আগের রাতে আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর দিন সকালে ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন মুশফিকুর রহিম। মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে জয়ের ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি তার। তবে উইকেটের পেছনে তিনটি ডিসমিসাল (দুই স্টাম্পড, এক ক্যাচ) করে মোহামেডানের ৭ উইকেটের জয়ে অবদান রেখেছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার।
সকালে টস জিতে ফিল্ডিং নেয়। উইকেটকিপার হিসেবে মাঠে নামার সময় মুশফিককে গার্ড অফ অনার দেয় মোহামেডানের সতীর্থরা। খেলা শেষে কেক কেটে দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারকে উদযাপন করেন তিনি।
প্রথম ম্যাচে নবাগত গুলশান ক্রিকেট ক্লাবের কাছে হেরে যাওয়া মোহামেডান প্রথমে বোলিং নিয়ে পারটেক্সকে ২২২ রানে বেধে রাখে। দুই স্পিনার মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম নেন চার উইকেট। দুই উইকেট নিয়েছেন এবাদত হোসেন।
রানতাড়ায় তামিম ইকবাল আজও ভালো করতে পারেননি। ১৭ বলে ১৪ রান করে আউট হয়ে যান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন তাওহীদ হৃদয়কে নিয়ে ১১৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১২.১ ওভার হাতে রেখেই জয় এনে দেন। অঙ্কন ৯৭ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। হৃদয় ১১টি বাউন্ডারি ও এক ছক্কায় ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন।