মেট্রো স্টেশনে ব্যাংকারের পকেট থেকে ২৫ হাজার ডলার উধাও

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনে মেজবাহ উদ্দিন নামে এক ব্যাংক কর্মকর্তার পকেট থেকে ২৫ হাজার কানাডিয়ান ডলার চুরি করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মেজবাহ উদ্দিন মেট্রোরেলে‌ মতিঝিল থেকে মিরপুর ১০ নম্বর যাওয়ার জন্য স্টেশনে এসেছিলেন। তার বন্ধু মোশারফ হোসেন বলেন, মেজবাহ ডাচ-বাংলা ব্যাংকে চাকরি করেন। তার বোন কানাডা প্রবাসী। তিনি দেশে এসেছিলেন। আবার চলে যাবে। সেজন্য ডলারগুলো বোনের জন্য কিনেছিলেন মেজবাহ। পরে মতিঝিলে মেট্রো রেলস্টেশনে যায় মিরপুর যাওয়ার জন্য। এরই মধ্যে তার পকেট থেকে কে বা কারা ডলারগুলো নিয়ে যায়।

মোশারফ হোসেন বলেন, মেজবাহর কাছ থেকে খবর শুনে আমিও স্টেশনে আসি। আমরা এখন স্টেশনের বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ দেখছি।

এ বিষয়ে এমআরটি পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সিদ্দিকী তানজিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি জানতেন না। বিস্তারিত জানতে খোঁজ নিচ্ছেন।