‘কোনো পুরস্কার নিইনি, স্বাধীনতা পদক নেওয়াও সম্ভব নয়’

চলতি বছর লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরসহ ৮ বিশিষ্টজনকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। তবে রাষ্ট্রের সর্বোচ্চ এ পদক নিতে অস্বীকৃতি জানিয়েছেন বদরুদ্দীন উমর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বিবৃতিতে বদরুদ্দীন উমর বলেন, ‘১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলির কোনোটি গ্রহণ করিনি।’

এখন বর্তমান অন্তর্বর্তী সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় বলে জানান তিনি।

বদরুদ্দীন উমর ছাড়া চলতি বছরে এই পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), পপ সম্রাট আজম খান (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর) ও বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ (মরণোত্তর)।

বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পদক দেওয়া হয়। এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার।