রাস্তার পাশে পরিচয়হীন দুই বছর বয়সী এক শিশুকে দেখতে শতাধিক মানুষের ভিড়। শিশুটির কান্নায় হতভম্ব হয়ে যান স্থানীয়রা। সন্তানটি তার অভিভাবককের সন্ধান পাবে এমনটাই প্রত্যাশা সবার। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর শহরের মাহমুদপুর মুন্সিপাড়া এলাকায়।
শিশুটিকে ওস্তাদ শহিদুল ইসলামের পান দোকানের পাশে ফেলে রেখে যায় এক নারী। অভিভাবককে না পেলে রাজশাহী ছোটমণি নিবাসে (বেবী হোমে) পাঠানো হবে তাকে। এমনটাই জানিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল।
স্থানীয়রা জানান, ১৮ থেকে ২০ বছরের একটি মেয়ে শিশুটিকে বাগানে ফেলে চলে যাওয়ার চেষ্টা করে। এর আগে তিনি জানান শিশুটিকে ৬ দিন আগে বিরামপুর স্টেশনে কুড়িয়ে পেয়েছেন। তার নিজেরও সন্তান রয়েছে। কিন্তু আর্থিক অবস্থা ভালো না হওয়ায় শিশুটিকে সে লালন করতে পারছে না। শিশুটিকে তিনি থানায় দেওয়ায় চেষ্টা করেন। কিন্তু সফল হননি। তার বাড়ি আদর্শ স্কুল পাড়ার পাশে।
মাইদুল নামে এক ব্যবসায়ী বলেন, বিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শিশুটিকে রাজশাহী ছোটমণি নিবাসে (বেবী হোমে) পাঠানো হবে। পরবর্তীতে তার পরিবার উপযুক্ত প্রমাণ দিয়ে শিশুটিকে নিয়ে যেতে পারবে।