নারায়ণগঞ্জ

ঘুরতে বেরিয়ে সড়কে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী লরি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি কাজী ওয়াহিদ মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলো- বন্দরের মুরাদপুর এলাকার আজিজুর রহমানের ছেলে শাওন (১৭) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে ওবায়দুল্লাহ (১৮)।

জানা গেছে, চট্টগ্রামগামী দ্রুতগতির তেলবাহী লরির সঙ্গে উল্টোপথে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তখন আশপাশে থাকা জনতা গাড়িটি আটকাতে সক্ষম হলেও চালক পালিয়ে যান। 

ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে পুলিশের এসআই মতিউর রহমান জানান, তেলবাহী লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুইজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই গাড়ির চালক পালিয়েছেন। নিহতরা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে আইনগতভাবে লাশ নিয়ে গেছে। এ বিষয়ে পরিবারের লোকজন এজাহার দিয়েছে। নিয়মিত মামলা হবে।