চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদের প্রতিহত করতে হবে। আর কোনো বিএনপির নেতা যদি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের মুক্ত করতে তদবির করেন তাহলে তাকেও আইনের হাতে সমর্পণ করুন।’ গতকাল শুক্রবার রাজধানীর খিলগাঁও চৌরাস্তা জামে মসজিদে জুমার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘পতিত আওয়ামী লীগ সারা দেশে দুর্নীতি ও সন্ত্রাসের মাকড়সার জাল বিস্তার করেছিল। সম্মিলিত আন্দোলনে তাদের পতন হলেও চাঁদাবাজি দখলবাজি বন্ধ হয়নি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কারা করছে? স্বৈরশাসকের সময় কেউ কোনো প্রতিবাদ করতে পারেনি। তাই ক্ষমতাসীনরা বেপরোয়া হয়ে উঠেছিল। চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে।’

তিনি বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী অনেককে ভয় পাচ্ছে। সিদ্ধান্ত নিতে পারছে না। সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূলে পুলিশকে কঠোর হতে হবে। বিএনপি এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে। এ দলে চাঁদাবাজ দখলবাজের অবস্থান নেই।’