আন্তর্জাতিক নারী দিবস-২০২৫ উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা মহিলা অধিদপ্তর ও পৌরসভার পক্ষ থেকে আলোচনা সভা ও র্যালি করা হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রধান সড়কে র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মানে নারীদের সহিংসতা প্রতিরোধে আরও সোচ্চার হওয়া। নারীদেরকে আরও সচেতন হওয়া, নারীদের নিজেদের আরও স্বাবলম্বী হতে সুযোগ গ্রহণ করা, সকল সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পদক্ষেপ নেওয়া। কারণ, পরিবার থেকে শুরু করে সকল ক্ষেত্রে নারীর অসামান্য ভূমিকা থাকলেও নারীরা এখনও নির্যাতিত হচ্ছে প্রতি পদে পদে।
তিনি বলেন, আমরা মনে করি— ভালো লেখাপড়া করলে ভালো একটা চাকরি করে সম্ভব। এটা আমাদের দেশের ভাবনা কিন্তু পৃথিবীর যেসব উন্নত দেশ সেসব দেশের ভাবনা কিন্তু অন্য রকম। সেসব দেশে সকল ছাত্র-ছাত্রী অনার্সে পড়ে না কারণ সেই দেশে লেখাপড়ার খরচ অত্যন্ত বেশি। এসব দেশের তরুণরা ছেলেমেয়েরা লেখাপড়া পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে এবং উদ্যোক্তা তৈরি হয়ে দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করছেন।
জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কৃষি অফিসার ফারজানা তাছলিম, আনসার ও ভিডিপি অফিসার ওবায়দুর রহমান, উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাসহ বিভিন্ন সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী, নারী উদ্যোক্তা, প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও কালিগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা।
সভা শেষে মহিলা অধিদপ্তরের বিভিন্ন শাখা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের পুঁজি হিসেবে চেকের মাধ্যমে অর্থ টাকা প্রদান করেন।