বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। এটি বিশৃঙ্খলা, নৃশংসতা ও কট্টরপন্থা অনুমোদন করে না। ইসলামকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারও জনগণ পছন্দ করে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছিলেন। বিএনপি সেই ধারা অনুসরণ করে ধর্মীয় মূল্যবোধ ও সর্ব শক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে রাষ্ট্র পরিচালনা করবে।
শনিবার ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলা ও পৌর এলাকার আলেম, ওলামা, ইসলামী চিন্তাবিদ, মসজিদের ইমাম ও এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন। হলুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আলেম-ওলামা, ইমামগণ সমাজের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। ধর্মীয় মূল্যবোধ জাগ্রত রেখে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করেন তারা। অথচ রাজনীতির কারণে আওয়ামী লীগ তাদের মিথ্যা অপবাদে নিগৃহীত করেছে, তেমনি একটি গোষ্ঠী বুঝে না বুঝে ইসলামের নামে অনাকাঙ্খিত কাজ করছে।
হলুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় মাহফিলে হলুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, হলুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোয়াজ্জেম হোসেন, মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর হোসাইন, হলুয়াঘাট উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের, ধারা বাজার জামে মসজিদের ইমাম মুফতি বেলাল বক্তব্য রাখেন ।