নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই মাস সাত দিন বয়সী এক ছেলে শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সাত ঘণ্টা পরও চুরি হওয়া শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
চুরি হওয়া নবজাতকের মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (১৯)। তিনি উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের চৌকিদার বাড়ির লিটন মিয়ার মেয়ে।জানা গেছে, জান্নাতুল ফেরদৌস নবজাতকে নিয়ে তার মা তাজনাহার বেগমের সাথে ডাক্তার দেখাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাজনাহার বেগম চক্ষু বিভাগে ডাক্তার দেখাতে গেলে জান্নাতুল ফেরদৌস টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ান। ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত একজন অপরিচিত মহিলা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন। জান্নাতুল ফেরদৌস সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায়। টিকিট কাটা শেষে তিনি এসে দেখেন ওই নারী শিশুকে নিয়ে উধাও হয়ে গেছেন। পরে বিষয়টি পুলিশকে জানান।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘চুরি হওয়া শিশুটির এখনও খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় জিডি হয়েছে। চুরি হওয়া শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’